ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা। অবরোধে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও দেখা গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে অবরোধ শুরু করেন তারা। এসময় দেশের অন্যতম ব্যস্ততম মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট।
হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও বিভিন্ন স্লোগানও দেয় আন্দোলনকারীরা।
এনসিপিʼর জেলা কমিটির সদস্য জাবেদ আলম বলেন, “হাদির উপর হামলার বিচার সারাদেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই আজ সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।”
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল শুরু থেকেই ঘটনাস্থলে বিক্ষুব্দ ছাত্র-জনতাকে নিভৃত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে, পৌনে চারটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন সাইনবোর্ডে আসেন। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।
বিকেল সাড়ে চারটার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

