বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
একই সময়ে নওগাঁর বদলগাছীতে ৩৭ মিলিমিটার, খুলনার কয়রায় ৩৬, দিনাজপুরে ২১, নেত্রকোণায় ১৯, কিশোরগঞ্জের নিকলীতে ১৮, টাঙ্গাইলে ১৭, পটুয়াখালীতে ১৬ এবং গোপালগঞ্জে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া দেশের আরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

