নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ড্যাশ পাইপ ও মিজমিজি দক্ষিণপাড়া এলাকার আরজে প্রোডাক্টস কয়েল কারখানায় এ আগুন লাগে।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনে কারখানায় থাকা তৈরি কয়েল, বিভিন্ন কাঁচামাল, ড্রায়ার রুম, নেটিং, জ্বালানি কাঠসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে অতিরিক্ত তাপ বা ওভারহিটিংয়ের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১৫ লাখ টাকার সম্পদ আগুনের কবল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

