Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

এশিয়া কাপের আগেই বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা

admin@nextnarayanganj.com
স্পোর্টস ডেস্ক
2 Min Read
ফাইল ছবি।

আসন্ন নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চোটের কারণে দুই টুর্নামেন্টেই খেলতে পারবেন না বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা।

আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং।

এশিয়া কাপের পরই মাঠে গড়াবে ২০তম এশিয়ান গেমস। দুই আসরের জন্যই বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই স্কোয়াডে ছিলেন তৃষ্ণা।

তবে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান এই বাঁহাতি পেসার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে এশিয়া কাপের পাশাপাশি এশিয়ান গেমসেও তার খেলা হচ্ছে না।

তৃষ্ণার পরিবর্তে স্কোয়াডে কে সুযোগ পাবেন, তা নিয়ে এখন আলোচনা চলছে।

এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের সব ম্যাচই ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারজানা ইয়াসমিন মেধা।

Share This Article