Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

বাবার সামনেই ফার্নিচারের চাপায় প্রাণ গেল শিশুর

admin@nextnarayanganj.com
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
1 Min Read
ফাইল ছবি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে ফাইজা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রহিম মেম্বারের কার্যালয়ের সামনে মো. দৌলত খান দেলোয়ারের মালিকানাধীন ‘ভাই ভাই ফার্নিচার’ দোকানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাইজা পোশাক শ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।

শিশুটির বাবা ফরহাদ মিয়া জানান, মঙ্গলবার বিকেলে মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ওই ফার্নিচারের দোকানে যান। একপর্যায়ে দোকানের কর্মচারীরা তাকে ডাকলে তিনি কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে যান। তখন ফাইজা হামাগুড়ি দিয়ে বাবার কাছে আসার চেষ্টা করছিল।

এর মধ্যেই হঠাৎ একটি ভারী ফার্নিচার শিশুটির ওপর পড়ে যায়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফরহাদ মিয়া বলেন, ‘আমার চোখের সামনেই মেয়েটার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। রাত ৮টা পর্যন্ত শিশুটির দাফনের কার্যক্রম চলছিল বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share This Article