নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় সৃষ্ট স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সানারপাড় এলাকার একটি গোডাউনে এ আগুন লাগে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গোডাউনে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণের ফলে স্পার্ক তৈরি হয়। প্রাথমিকভাবে ওই স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, গোডাউনে কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

