২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ ভাগাভাগি করে নিতে মিষ্টিমুখ ও ক্যারিয়ার আড্ডার আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘শ্লোগান’।
মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের আনন্দ উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ স্বপ্ন, সম্ভাবনা ও ক্যারিয়ার নিয়ে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আড্ডায় শিক্ষার্থীদের উদ্দেশে আয়োজকেরা বলেন, আজকের অর্জন যেন কেবল একটি পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ না থাকে। বরং এই সাফল্যকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে কাজে লাগিয়ে বড় স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে হবে।
‘শ্লোগান’ কর্তৃপক্ষ জানায়, তরুণদের স্বপ্ন, সম্ভাবনা ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

