নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিল।
শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে ফতুল্লা থানাধীন শান্তিধারা ২ নম্বর রোডের একটি মসজিদের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের সহযোগিতায় নয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), পলক (১৮), আবরার আহম্মেদ (১৮), ফেরদাউছ (১৮), তানভির হোসেন (১৮), নয়ন (১৯) ও আবু বক্কর (১৮)। তাদের মধ্যে কয়েকজন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্য কয়েকজনের বাড়ি বরগুনা ও ময়মনসিংহে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে পরিচয় দেয় এবং তাদের সঙ্গে থাকা আরও কয়েকজনের নাম-পরিচয় জানায়। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিল।
এ ঘটনায় গ্রেপ্তার নয়জনসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

