বন্দরে মাদক ব্যবসায়ীদের হামলার আহত হয়েছেন জনি নামের এক পুলিশ সদস্য। গত ২৬ অক্টোবর রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: জাকির হোসেন (৩০), মুন্নি আক্তার (২৭), ফারজানা আক্তার (২৫) এবং সুমা (২২)। তারা সবাই বন্দরের দড়ি সোনাকান্দা ও সোনাকান্দা বেপারীপাড়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়ে আহত হন পুলিশ কনস্টেবল জনী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনসহ মোট ১২ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

