Next Narayanganj

শনিবার, সেপ্টে ১২, ২০২৬
শনিবার- ১২, সেপ্টে, ২০২৬

রাভিনা ট্যান্ডনের দিকে তেড়ে গেল কুকুর, যা ঘটল এরপর

admin@nextnarayanganj.com
বিনোদন ডেস্ক
2 Min Read
বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ছবি- সংগৃহীত

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন নতুন সিনেমা ‘ও মাই ডগ’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিত এক পরিস্থিতির মুখোমুখি হন। অনুষ্ঠানের রেড কার্পেটে উপস্থিত একটি কুকুর হঠাৎ তার দিকে তেড়ে এলে মুহূর্তের জন্য উত্তেজনা তৈরি হয়। তবে দ্রুত সরে যাওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সক্ষম হন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মুম্বাইয়ে অনুষ্ঠিত এই বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটির কলাকুশলীদের পাশাপাশি সিনেমায় থাকা কয়েকটি কুকুরও উপস্থিত ছিল। স্টেজে ওঠার কিছুক্ষণ পরই একটি কুকুর আচমকা ঘেউ ঘেউ করতে করতে রাভিনার খুব কাছে চলে আসে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কুকুরটি প্রায় অভিনেত্রীর হাতে কামড় বসিয়ে দিচ্ছিল। তবে শেষ মুহূর্তে তিনি সরে যাওয়ায় সেটি সম্ভব হয়নি। এ সময় তার পোশাকের একটি সুতা কুকুরটির মুখে আটকে যায়।

ঘটনার পরও রাভিনা কোনো ধরনের আতঙ্ক বা বিরক্তি প্রকাশ করেননি। বরং তিনি শান্তভাবে পরিস্থিতি সামাল দেন এবং কুকুরটিকে স্বাভাবিক করার চেষ্টা করেন। তার এই সংযত আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঘটনার ভিডিও প্রকাশের পর নেটিজেনরা নানা মন্তব্য করেন। কেউ রাভিনার ধৈর্যের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার ধৈর্য সত্যিই প্রশংসনীয়।’ আবার কেউ তাকে ‘প্রকৃত পশুপ্রেমিক’ বলে অভিহিত করেছেন। অনেকের ধারণা, চারপাশের ভিড় ও কোলাহলে কুকুরটি ভয় পেয়ে এমন আচরণ করেছে।

উল্লেখ্য, অমিত রাই পরিচালিত ‘ও মাই ডগ’ একটি পারিবারিক বিনোদনধর্মী সিনেমা। বাবু লাল বাইস্কোপ ও থিঙ্কিং হ্যাটস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন অমিত রাই, রাজেশ ভরদ্বাজ ও সানা ওয়ারসি। শুক্রবার (৭ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটির গল্প আবর্তিত হয়েছে একটি সাহসী কুকুরকে ঘিরে, যে নিখোঁজ কুকুর চক্রের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিনেমাটিতে পঙ্কজ ত্রিপাঠীর পাশাপাশি অভিনয় করেছেন পবন মালহোত্রা, মাহি রাই, রাজেশ কুমার, গীতা আগরওয়াল, বিজয় মিশ্র, শ্রীধর দুবে, বুল্লু কুমার ও সুলখ্যানা বড়ুয়া।

Share This Article