Next Narayanganj

শনিবার, সেপ্টে ১২, ২০২৬
শনিবার- ১২, সেপ্টে, ২০২৬

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
2 Min Read
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। ছবি- ফেসবুক থেকে।

নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ জানায়, মামলা দায়েরের পর থেকেই রিপন মিয়া পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত ও নজরদারি চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত একই এলাকার প্রতিবেশী। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতির সুযোগ নিয়ে রিপন মিয়া কিশোরীকে ভিডিও বানানোর কথা বলে বিভিন্ন সময় প্রলোভন দেখাতেন এবং কুপ্রস্তাব দিতেন।

মামলায় আরও বলা হয়, গত ৩০ জুলাই রাত ৮টার দিকে জরুরি কথা আছে বলে কিশোরীকে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় মামলা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, র‌্যাব গ্রেপ্তারের পর রিপন মিয়াকে থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রিপন মিয়া অভিযোগ স্বীকার করে ক্ষমা চান এবং পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকাছাড়া করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয়দের দাবি। সালিশের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্ষণের মতো ফৌজদারি অপরাধের বিচার গ্রাম্য সালিশে করাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।

উল্লেখ্য, পেশায় কাঠমিস্ত্রি রিপন মিয়া ২০১৬ সাল থেকে ফেসবুকে ভিডিও তৈরি করে পরিচিতি পান। ‘হাই আই এম রিপন ভিডিও’ ও ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপভিত্তিক ভিডিওর মাধ্যমে তিনি আলোচনায় আসেন। ২০১৯ সালে খোলা তার ‘রিপন মিয়া’ নামের ফেসবুক পেজে বর্তমানে ১৯ লাখের বেশি অনুসারী রয়েছে।

Share This Article