ফতুল্লার থানাধীন কাশীপুরে নির্মাণাধীন উড়ালসড়কে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে মুক্তারপুর-পঞ্চবটি সড়কের কাশীপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
নিহত শ্রমিক হলেন মো. ইয়াসিন আরাফাত ওরফে বাবু (২৮)। তিনি ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার আবু কালামের ছেলে।
দগ্ধ হওয়া অন্য তিন শ্রমিক হলেন— রবিউল (২২), জমির আলী (২৩) এবং ইমরান (২২)। তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে তারা চারজন নির্মাণাধীন উড়ালসড়কের ব্রিজে রড টানার কাজ করছিলেন। এসময় রডটি উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে যায়। এর ফলে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই ইয়াসিন আরাফাতের মৃত্যু হয়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে, বাকিদের ঢাকায় পাঠানো হয়েছে।

