নারায়ণগঞ্জ বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন) শিল্প নগরীতে কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে বিসিকে অবস্থিত ‘এম এস ডায়িং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং’য়ে ঘটা মর্মান্তিক এই দুর্ঘটনায় ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটির নিচ তলায় বয়লার রুমে শ্রমিকেরা নিয়মিত কাজ করছিলেন। এ সময় গ্যাস লাইন থেকে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণের ফলে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে বয়লার রুমে কর্মরত ছয় শ্রমিকের শরীর ঝলসে যায় এবং তারা গুরুতরভাবে দগ্ধ হন। কারখানার অন্যান্য শ্রমিক ও কর্তৃপক্ষ দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার দিকে নিয়ে যান।
দগ্ধ ছয়জনই বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ শ্রমিকরা হলেন, আল আমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে, সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে।”
বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলেও জানা গেছে।

