Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
3 Min Read
ছবি- সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত সিদ্ধান্ত কোন দিকে যেতে পারে, তা নিয়ে বিনিয়োগকারীদের নজর এখন দেশটির মূল্যস্ফীতির গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। এর মধ্যেই মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। তবে দিনের শুরুতে দাম বেড়ে আড়াই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছিল।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৬ দশমিক ৩১ ডলারে নেমে আসে। এর আগে দিনের শুরুতে দাম বেড়ে ৪ হাজার ৪৩৪ দশমিক ৮৪ ডলারে উঠেছিল, যা গত ৫ জুনের পর সর্বোচ্চ। এ সময় স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৩৮৭ দশমিক ৯২ ডলারে থাকা ১০০ দিনের মুভিং অ্যাভারেজ অতিক্রমের চেষ্টা করে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রায় ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪১ দশমিক ১০ ডলারে স্থির হয়েছে।

জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্র্যান্ট বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা বোঝার জন্য বাজার চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ তথ্যের দিকে তাকিয়ে আছে।

তার মতে, যুক্তরাষ্ট্রের বার্ষিক মূল্যস্ফীতি বা ভোক্তা মূল্যসূচক (সিপিআই) সহনীয় পর্যায়ে থাকলে তা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক হতে পারে।

বুধবার যুক্তরাষ্ট্রের সিপিআই এবং বৃহস্পতিবার উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রকাশ হওয়ার কথা রয়েছে। এসব তথ্যের ওপর ভিত্তি করে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে বিনিয়োগকারীরা নতুন ধারণা পেতে পারেন।

এর আগে গত শুক্রবার জুলাই মাসের দুর্বল কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর সেপ্টেম্বরের বৈঠকে ফেড সুদহার বাড়াতে পারে—এমন প্রত্যাশা থেকে কিছুটা সরে আসেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে সেদিন বিশ্ববাজারে স্বর্ণের দাম এক লাফে ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।

পিটার গ্র্যান্ট বলেন, গত সপ্তাহের দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের পর সেপ্টেম্বরে সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারের প্রত্যাশা কমেছে। এর ফলে স্বর্ণের বাজারে এখনো শক্তিশালী চাহিদা রয়েছে।

তবে সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা সেপ্টেম্বরে সুদহার বাড়ার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ এবং ডিসেম্বরে ৭৯ শতাংশ বলে মনে করছেন।

ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক সোমবার বলেছেন, ভবিষ্যতে হঠাৎ করে বড় ধরনের সুদহার বৃদ্ধির প্রয়োজনীয়তা এড়াতে এখন থেকেই ধীরে ধীরে সুদহার বাড়ানোর উপযুক্ত সময় হতে পারে।

সাধারণত সুদহার বেশি থাকলে স্বর্ণের মতো কোনো সুদ না দেওয়া সম্পদের আকর্ষণ কমে যায়। ফলে ফেডের সুদহার সংক্রান্ত সিদ্ধান্তের ওপর স্বর্ণের বাজারের গতিপথ অনেকটাই নির্ভর করছে।

এদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। শান্তি চুক্তির বিষয়ে তেহরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব কিছু দাবি জানিয়েছেন। যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। সূত্র: রয়টার্স।

Share This Article