নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ শাহজালাল মিয়া।
রোববার (৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পিরোজপুর পূর্বপাড়া ও পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে স্থানীয়দের নিয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন শাহজালাল মিয়া।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ ব্যক্তি বা দল পরিবর্তনের চেয়ে নীতিগত পরিবর্তন প্রত্যাশা করছে। ২০২৪ সালের জুলাইয়ে পরিবর্তনের আশায় মানুষ জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি।
শাহজালাল মিয়ার ভাষ্য, শুধু ব্যক্তি কিংবা দল পরিবর্তনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রত্যাশা পূরণ সম্ভব নয়। মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করতে প্রয়োজন নীতির পরিবর্তন এবং জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া নেতৃত্ব।
তিনি আরও বলেন, অতীতে অনেক ক্ষেত্রে দলীয় বিবেচনায় জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি। এ কারণে দেশ ও মানুষের কল্যাণে আসন্ন স্থানীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানান তিনি।
নির্বাচিত হলে পিরোজপুর ইউনিয়নের মানুষের দারিদ্র্য ও পিছিয়ে পড়া অবস্থা দূর করতে সবার অংশগ্রহণ নিশ্চিত করে কাজ করার প্রতিশ্রুতি দেন শাহজালাল মিয়া। একই সঙ্গে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও মানুষের অধিকারভিত্তিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
পথসভায় তিনি বলেন, গণমানুষের অধিকার রক্ষা এবং পিরোজপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবেন।
এ সময় পিরোজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ড. আসগর আলী, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দিন ইসলামসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

