টানা দুই মৌসুম শিরোপাহীন থাকার হতাশা পেছনে ফেলে নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় রিয়াল মাদ্রিদ। লা লিগার নতুন মৌসুম শুরুর আগে সেই প্রত্যাবর্তনের প্রত্যয়ই জানালেন দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তাঁর বিশ্বাস, দলের ভেতরের জয়ের ক্ষুধা ও মানসিক দৃঢ়তাই এবার রিয়ালকে আবারও ট্রফির মঞ্চে তুলবে।
২২ আগস্ট বাংলাদেশ সময় রাত দেড়টায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬-২৭ মৌসুমের লা লিগা অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে ক্লাবটির অফিসিয়াল চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নতুন মৌসুমের প্রস্তুতি, নিজের লক্ষ্য এবং কোচ হোসে মরিনিয়োর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এমবাপ্পে।
নিজের প্রস্তুতি প্রসঙ্গে ফরাসি ফরোয়ার্ড জানান, মৌসুম শুরুর আগে শরীর ও ফিটনেস নিয়ে সর্বোচ্চ পরিশ্রম করাই তাঁর লক্ষ্য। তাঁর মতে, ম্যাচ শুরু হয়ে গেলে শারীরিক চাপ নিয়ন্ত্রণ করতে হয়, তাই প্রস্তুতির সময়টাতেই সর্বোচ্চটা দেওয়া জরুরি।
কোচ হোসে মরিনিয়োর অভিজ্ঞতারও প্রশংসা করেছেন এমবাপ্পে। তাঁর ভাষায়, বিশ্বকাপের সময় থেকে সাম্প্রতিক দিনগুলোতেও কোচের সঙ্গে তাদের অনেক আলোচনা হয়েছে। এমন একজন অভিজ্ঞ কোচ দলের সঙ্গে থাকা ইতিবাচক বলেই মনে করেন তিনি। এমবাপ্পের মতে, মরিনিয়ো জানেন কীভাবে জিততে হয় এবং কীভাবে দলকে জয়ের পথে নিয়ে যেতে হয়।
তবে নতুন মৌসুমের লক্ষ্য নিয়ে কোনো রাখঢাক রাখেননি এমবাপ্পে। রিয়ালের হয়ে শিরোপা জয়ের ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথাই জানিয়েছেন তিনি। এমবাপ্পের ভাষায়, ‘আমাদের জিততেই হবে। আমি নিশ্চিত, এবার আমরা আবার শিরোপা জিতব।’
দলের মধ্যে সেই মানসিকতা ও জয়ের ক্ষুধা দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি। পুরো মৌসুম মনোযোগ ধরে রেখে রিয়াল সমর্থকদের আনন্দ দেওয়াকেই নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন এই তারকা ফরোয়ার্ড।
রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোলের স্মৃতিও ফিরে দেখেছেন এমবাপ্পে। দুই বছর আগে এই সময়েই উয়েফা সুপার কাপের ফাইনালে আটালান্টার বিপক্ষে প্রথমবার রিয়ালের হয়ে গোল করেছিলেন তিনি। সেই ম্যাচ ও মুহূর্তকে নিজের জন্য বিশেষ বলে উল্লেখ করেন এমবাপ্পে।
রিয়ালে যোগ দেওয়ার স্বপ্নের কথাও স্মরণ করে তিনি বলেন, ক্লাবটিতে খেলতে পারা এখনো তাঁর কাছে স্বপ্নের মতো। প্রতিদিনই এই সুযোগ উপভোগ করেন তিনি।
সাক্ষাৎকারের শেষদিকে রিয়াল সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমবাপ্পে। গত দুই বছর সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নতুন মৌসুমটি আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং দল ও সমর্থকরা একসঙ্গে বড় অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদী।

