Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

দেশে আর কোনো স্বৈরাচারের উত্থান চাই না: মামুন মাহমুদ

admin@nextnarayanganj.com
নিজস্ব প্রতিবেদক
2 Min Read
অধ্যাপক মামুন মাহমুদ। ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, যখনই ফ্যাসিস্ট তৈরির চেষ্টা হবে, তখনই ৫ আগস্ট আমাদের সেই ইতিহাস স্মরণ করিয়ে দেবে। দেশে আমরা আর কোনো রক্তপাত চাই না, কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের উত্থানও চাই না।

তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। আগামী পাঁচ বছর সরকার পরিচালনার দায়িত্ব বিএনপির। এ সময় কোনো ভুল-ত্রুটি হলে বিরোধী দল গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা পরিষদ সংলগ্ন একটি মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

সরকারি তোলারাম কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের প্রসঙ্গ টেনে মামুন মাহমুদ বলেন, এসব ঘটনা গণতান্ত্রিক আন্দোলনের অংশ নয়, বরং নৈরাজ্য। এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে আবারও ফ্যাসিস্ট শক্তির উত্থানের সুযোগ তৈরি করা উচিত নয়।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুধু জুলাই মাসের আন্দোলন নয়, এটি দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফল। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক অধিকারের বিভিন্ন আন্দোলনের মতোই ৫ আগস্টও বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শহিদুল ইসলাম টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ জেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা।

Share This Article