Next Narayanganj

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬
রবিবার- ১৩, সেপ্টে, ২০২৬

দুর্নীতির অভিযোগ: শামীম ওসমানের আয়কর নথি জব্দের নির্দেশ

admin@nextnarayanganj.com
নিউজ ডেস্ক
1 Min Read

অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার (৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্য থাকাকালে শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করে দখলে রেখেছেন।

দুদক আরও জানায়, বর্তমানে পলাতক এই সংসদ সদস্য নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৩৯ কোটি ৮২ লাখ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

দুদক কর্মকর্তা তানজিল আহমেদ জানান, তদন্তের স্বার্থে শামীম ওসমানের ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আয়কর নথিপত্র জব্দের প্রয়োজন। এই নথিপত্রগুলো নারায়ণগঞ্জ কর অঞ্চলের কার্যালয়ে সংরক্ষিত আছে।

Share This Article