Next Narayanganj

বুধবার, জুলা ২৯, ২০২৬
বুধবার- ২৯, জুলা, ২০২৬

ট্রান্সফরমারে কাজের সময় হঠাৎ চালু বিদ্যুৎ লাইন: আদমজীতে টেকনিশিয়ানের মৃত্যু

emon
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
2 Min Read
আদমজীতে টেকনিশিয়ানের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির কর্মকর্তাদের গাফিলতিতে বৈদ্যুতিক ট্রান্সফরমার পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: নজরুল (৪৮) নামে এক বিদ্যুৎ লাইন টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১১ টার সময় সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডের সোনামিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও দু’জন আহত হয়েছেন বলে জানা যায়।

আহতরা হলেন, বিদ্যুৎ কর্মী আব্দুল করিম (৩৫) ও আব্দুল রাজ্জাক (৩৬)। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিপিডিসির ঠিকাদার আব্দুর রহমানের নেতৃত্বে ৯ জন বিদ্যুৎ কর্মী ও ডিপিডিসির লাইনম্যান আক্তার সোনামিয়া বাজার সংলগ্ন এলাকায় ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুটির ট্রান্সফরমার পরিবর্তনের জন্য আসেন। ট্রান্সফরমার পরিবর্তনের পূর্বে লাইনম্যান আক্তার মুঠোফোনে ডিপিডিসির কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা মো: শাহআলম ও উজ্জ্বলকে বিদ্যুৎ বন্ধ করার নির্দেশ দেন। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত ডিপিডিসির লাইনম্যান আক্তার বিদ্যুৎতের লাইন বন্ধের নির্দেশনা পেয়ে টেকনিশিয়ান নজরুলকে ট্রান্সফরমার পরিবর্তনের নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে নজরুল বিদ্যুৎতের খুটিতে উঠে ট্রান্সফরমার পরিবর্তনের সময় হঠাৎ বিদুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটির সাথে আটকে থকেন। পরে দ্রুত বিদ্যুৎ কর্মী আব্দুল করিম ও আব্দুল রাজ্জাক তাকে উদ্ধার করতে গেলে তাঁরাও বিদুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় বিদুৎ অফিসের কর্মকর্তাদের গাফিলতি ছিলো। তাদের গাফিলতিতেই আজ এমন একটি নির্মম দূর্ঘটনা ঘটেছে। এই মৃত্যুর জন্য তাঁরাই দায়ী।

এ বিষয়ে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী জানান, কিভাবে এ ঘটনা ঘটেছে তা এখন’ই বলা যাচ্ছে না। দায়িত্বে থাকা কারও গাফিলতি ছিলো কিনা তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি ঘটন করা হবে বলেও জানান তিনি।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় নজরুল নামে একজন মারা গেছেন। দু’জন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

Share This Article