নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার ৩১৩৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা ডিবি’র ক-জোনের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ক-জোনের একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে মানিক গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দেবিদ্বার এলাকার এমরান সাকিব (২৬), লাকসামের নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মো. জোবায়ের (২০)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৮ আগস্ট ফতুল্লার শান্তিধারা এলাকায় প্রতিপক্ষ মিলন-সাজিদ গ্রুপের সঙ্গে সংঘর্ষ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া সাইকেলের স্পোক দিয়ে বিশেষভাবে তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু এবং একটি এসএস পাইপও উদ্ধার করা হয়েছে।

