মানুষের জীবনে প্রথম অগ্রাধিকার ইসলাম আর রাজনীতি তার পরের বিষয় এমন মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতি অবশ্যই ইসলামের আলোকেই মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।
শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতির স্বার্থে ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা কখনোই কাম্য হতে পারে না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, তারা মওদুদী ইসলামের নয়, বরং রাসূল (সা.) ও সাহাবায়ে কেরাম (রা.) যে ইসলাম চর্চা করেছেন, সেই ‘মদিনার ইসলামের অনুসারী’।
আওয়ামী লীগের রাজনৈতিক নীতি প্রসঙ্গে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগের রাজনীতি হলো ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী ও মুসলিমবিদ্বেষী। বাংলাদেশের জনগণ ইতোমধ্যে তাদের এই নীতিকে প্রত্যাখ্যান করেছে।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশে একটি গোষ্ঠী রাজনীতির জন্য ইসলামকে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।” তিনি সতর্ক করে দেন যে, ইসলামকে রাজনীতির হাতিয়ার বানিয়ে কেউ যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।
মুফতি মনির হোসেন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের আলেম মাওলানা সাঈদ আল হোসাইন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

