নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব- ১১।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব- ১১ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বড়ালু পাড়াগাও এলাকা থেকে তাকে গাজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাজিবুর রহমান উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত রহমতউল্লাহ আড়ৎদারের এর ছেলে।
র্যাব- ১১ জানায়, মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য সাজিবুর রহমান দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। বুধবার রাতে র্যাব-১১, সিপিসি নারায়ণগঞ্জ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সাজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা অজু করে থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, সাড়ে ৭০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সাজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

