Next Narayanganj

মঙ্গলবার, জুন ২, ২০২৬
মঙ্গলবার- ২, জুন, ২০২৬

জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

emon
নিউজ ডেস্ক
2 Min Read

লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পরপরই রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাকে কবরে শায়িত করে বিকেল সাড়ে ৪টার কিছুক্ষণ পর তিনি উঠে আসেন।

দাফনের পর কবরের উপরে মাটি ছিটিয়ে দেন বড় ছেলে তারেক রহমান। একে একে পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমান, নাতি জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও কবরে মাটি ছিটিয়ে দেন।

এরপর সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও কবরে মাটি দেন। দাফন কাজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অংশ নেন।

এর আগে এদিন, বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে, বুধবার ঘোষণা করা হয় সাধারণ ছুটি।

Share This Article