নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানে যান। সেখানে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জনের একটি দল তাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে সজীবের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

