টালিউডের মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র মাত্র ৯ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ১৬ বছর বয়সে পা রাখেন অভিনয়ে। তবে অভিনয়ই যে একদিন তার পেশা হয়ে উঠবে, ছোটবেলায় তা ভাবেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
২০১২ সালে বেদব্রত পাইন পরিচালিত ‘চিটাগং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সৌরসেনীর। কলকাতার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। প্রথাগতভাবে অভিনয়ের প্রশিক্ষণ না নিয়েও কাজ করতে করতেই অভিনয় শেখার পথ বেছে নিয়েছেন বলে জানান অভিনেত্রী। তাই নিজেকে এখনো ‘নন-টেকনিক্যাল’ অভিনেত্রী হিসেবেই দেখেন তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘নিব্বা নিব্বি’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন সৌরসেনী। বরাবরই বেছে বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। প্রচলিত নায়িকার চরিত্রে নিজেকে সীমাবদ্ধ না রেখে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত পছন্দের কথাও অকপটে জানিয়েছেন সৌরসেনী। বলিউড তারকা শাহরুখ খানকে নিজের ‘স্বপ্নের পুরুষ’ এবং প্রথম ‘ভালোবাসা’ হিসেবে উল্লেখ করেন তিনি। শাহরুখ অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’ও তার পছন্দের সিনেমাগুলোর একটি।
শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিও ভাগ করে নেন সৌরসেনী। কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রথমবার প্রিয় তারকার সঙ্গে দেখা হয় তার। সেই সাক্ষাতের ছবি এখনো নিজের বাড়িতে বাঁধাই করে রেখেছেন বলে জানান অভিনেত্রী।
পরবর্তী সময়ে মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও দুবার শাহরুখের সঙ্গে দেখা হয় সৌরসেনীর। প্রিয় তারকার প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, শাহরুখের সঙ্গে দেখা হওয়ার পর তার প্রতি শ্রদ্ধা আরও বেড়েছে।
সৌরসেনীর ভাষ্য, মানুষের প্রতি শাহরুখ খানের সম্মান ও শ্রদ্ধাবোধ তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। প্রিয় তারকার সঙ্গে সাক্ষাতের পর মোহভঙ্গ হওয়ার বদলে বরং তার প্রতি ভালোবাসা ও সম্মান আরও গভীর হয়েছে বলেও জানান তিনি।

