মাতৃত্বকালীন দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। নতুন সিনেমার শুটিংয়ে ফেরার আগে বর্তমানে ফিটনেস ও শারীরিক প্রস্তুতিতেই বেশি সময় দিচ্ছেন তিনি।
কন্যা শারলিন খানের যত্ন নেওয়ার পাশাপাশি বিশেষ ডায়েট ও নিয়মিত ব্যায়াম করছেন এই অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হলেই ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।
কন্যা জন্মের পর শবনম বুবলীকে খুব একটা জনসম্মুখে দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি। বিভিন্ন ফটোশুটের ছবি-ভিডিও এবং ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলকে সমর্থন জানিয়ে নানা পোস্টও করেছেন তিনি।
তবে এখন তাঁর মূল লক্ষ্য অভিনয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেরা। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী মাসেই জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফেরার কথা রয়েছে বুবলীর। পুরান ঢাকার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ।
এদিকে বুবলীর আরও কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ‘শাপলা শালুক’ সিনেমায় তাঁর সহশিল্পী আব্দুন নূর সজল। পাশাপাশি ‘কয়লা’ সিনেমার শুটিংও ইতোমধ্যে শেষ করেছেন তিনি।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে বুবলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, লাইট, ক্যামেরা ও অ্যাকশনের পরিচিত পরিবেশকে তিনি ভীষণভাবে মিস করছেন। দর্শকদের জন্য ভালো কিছু কাজের মধ্য দিয়ে নতুনভাবে ফিরতে চান তিনি।
সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন শবনম বুবলী। আন্তর্জাতিক এই স্বীকৃতি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের আনন্দের কথা ভাগ করে নেন তিনি।

