নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ঘর ও বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার নাসিক ২২ নম্বর ওয়ার্ডের সিরাজদৌলা ক্লাবসংলগ্ন বন্দর কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে দেওয়ান বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্চয় খান জানান, দুপুর ১২টা ২১ মিনিটের দিকে দেওয়ান বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মাত্র দুই মিনিটের মধ্যে, ১২টা ২৩ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ৩৭ মিনিটের চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে মো. লিটন দেওয়ানের (৫০) দোচালা ঘরের চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় বাদল দেওয়ানের (৬৫) ঘরের পাশের একটি তৃতীয় তলা ভবনের দেয়াল এবং চম্পা বেগমের (৬০) ঘরের পূর্ব পাশের একটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

