নারায়ণগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে তরুণদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীর হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে তরুণদের তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হওয়ার সুযোগ এবং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি অনলাইনে কাজের সুযোগ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

