আগামী শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির সূচি অনুযায়ী, শুধু এক দিনের নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ছুটি পাওয়া সম্ভব।
সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার নিয়মিত কর্মদিবস। ওই দিন এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে পরের দুই দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে তা যুক্ত হয়ে যাবে। ফলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের অবকাশ মিলবে।
এদিকে ধর্মীয় ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ অক্টোবর শুক্রবার পালিত হবে মহাষষ্ঠী। এরপর ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।
দুর্গাপূজার মূল দুই দিনের সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহাসপ্তমী ও মহাষ্টমী উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে। ফলে পূজার সময় ধর্মীয় উৎসব ও সরকারি ছুটিকে মিলিয়ে ভিন্নভাবে ছুটি ভোগের সুযোগ থাকছে।

