নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও কিশোর অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

