Next Narayanganj

শনিবার, সেপ্টে ১২, ২০২৬
শনিবার- ১২, সেপ্টে, ২০২৬

সোনারগাঁয়ে ঈদগাহের জমি রক্ষার দাবিতে মানববন্ধন

admin@nextnarayanganj.com
সোনারগাঁ প্রতিনিধি
2 Min Read
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ছবি- সংগৃহীত।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী ‘আল-মানার ঈদগাহ’-এর ৩৬ শতাংশ জমি দখল, লিজ ও বরাদ্দের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী, নগরপুর ও খংসারণীসহ আশপাশের ১২টি গ্রামের মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওই জায়গায় স্থানীয় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। কিন্তু একটি প্রভাবশালী মহল ঈদগাহের জমিটি দখল বা লিজ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি, ঈদগাহের জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে লিজ কিংবা বরাদ্দ না দিয়ে সরকারি ব্যবস্থাপনায় ‘আল-মানার ঈদগাহ’-এর নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হোক।

ঈদগাহ কমিটির সহসভাপতি মোতালেব প্রধান বলেন, জায়গাটি নিচু ও গর্তযুক্ত হওয়ায় স্থানীয়রা প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বালু দিয়ে ভরাট করেছেন। পরে বাইরের একটি পক্ষ জমিটি লিজ নেওয়ার জন্য আবেদন করে।

তিনি জানান, ইতোমধ্যে ১২টি গ্রামের মানুষ ওই স্থানে দুই ঈদের নামাজ আদায় করেছেন। বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে জানানো হলে তিনি ঈদগাহ করার অনুমতি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে পরামর্শ দেন।

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ‘কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, দশের স্বার্থে আমরা এই জমিটি চাচ্ছি। ১২টি গ্রামের সাধারণ মানুষের প্রাণের দাবি রক্ষায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’

স্থানীয় বাসিন্দা আউলাদ মিয়া বলেন, ১০ থেকে ১২টি গ্রামের মানুষ যাতে নির্বিঘ্নে ওই স্থানে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য জমিটির বিষয়ে একটি স্থায়ী সমাধান জরুরি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঈদগাহ কমিটির সভাপতি হাজী আফতাব উদ্দিন মোল্লা, সহসভাপতি মোতালেব প্রধান, ক্যাশিয়ার গাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক গাজী আনিসুল, সহসভাপতি গাজী শামসু, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে এলাকাবাসী ঈদগাহের ৩৬ শতাংশ জমি অন্য কারও নামে লিজ বা বরাদ্দ দেওয়ার উদ্যোগ বন্ধ করে ‘আল-মানার ঈদগাহ’-এর নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

Share This Article